জার্মানির ৪৫০ স্কুলে একযোগে বোমা হামলার হুমকি
জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের শত শত স্কুলে একযোগে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে এসব হুমকিমূলক বার্তা পাওয়ার পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক পর্যালোচনায় পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে করছে না এবং অধিকাংশ ক্ষেত্রে স্কুলগুলোকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ও স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সকালে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৪৫০টি বা তারও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়। ইমেইলগুলোর বিষয়বস্তু ও বার্তা প্রায় অভিন্ন ছিল, যেখানে "Death awaits you" (মৃত্যু তোমার অপেক্ষায়) ধরনের বার্তা ও বিস্ফোরক স্থাপনের দাবি করা হয়।
ব্যাডেন-ভুর্টেমবার্গ, স্যাক্সনি-আনহাল্ট, স্যাক্সনি, থুরিংগিয়া, রাইনল্যান্ড-প্যালাটিনেট ও বার্লিনসহ একাধিক অঞ্চল থেকে এসব হুমকির খবর পাওয়া গেছে। ফ্রাইবুর্গ ও বার্লিনসহ বিভিন্ন এলাকার পুলিশ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাস্তব ও সুনির্দিষ্ট কোনো বিপদের প্রমাণ পাওয়া যায়নি। থুরিংগিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, হুমকিগুলোকে তারা গুরুতর মনে করছে না এবং উদ্দেশ্য মূলত আতঙ্ক সৃষ্টি করা। তাই স্কুল ভবন খালি না করে স্বাভাবিক পাঠদান চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও বাস্তবে বিভিন্ন স্থানে ভিন্ন চিত্র দেখা গেছে। কয়েকটি অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুল ভবন খালি করা হয় বা শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার একই ধরনের ইমেইল বার্তা ডেনমার্কের বিভিন্ন স্কুলেও পাঠানো হয়, যদিও ডেনিশ পুলিশও তাৎক্ষণিকভাবে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিমান চলাচল ও গণমাধ্যমকে লক্ষ্য করে এমন একাধিক ভুয়া বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। এর আগে চলতি নভেম্বরে ইতালি ও স্পেনের বিভিন্ন স্কুলেও অনুরূপ হুমকি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা সামনে আসে।
সূত্র: ডয়চে ভেলে
বিভি/এমএফআর













মন্তব্য করুন: