জীবদ্দশায় ৩ বার শয়তানের সাক্ষাৎ পান পোপ ফ্রান্সিস!
জীবদ্দশায় তিনবার শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রয়াত পোপ ফ্রান্সিসের। শুধু তাই নয়, একবার চোখের সামনে দেখেছিলেন নরকের প্রবেশদ্বারও। সেই ভয়ংকর অভিজ্ঞতার সময় আত্মরক্ষার জন্য হাতে তুলে নিয়েছিলেন রোজারি বা জপমালা। নিজের হাতে লেখা ব্যক্তিগত ডায়েরিতে চাঞ্চল্যকর এসব অভিজ্ঞতার দাবি করে গেছেন ক্যাথলিক চার্চের সাবেক এই প্রধান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে প্রথমবারের মতো সামনে এসেছে তার ডায়েরির এসব শ্বাসরুদ্ধকর বিবরণ। ১৬০ পৃষ্ঠার বইটি সংকলন করেছেন পোপের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ।
১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা ডায়েরি অনুযায়ী, আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে দুবার শয়তানের উপস্থিতি অনুভব করেছিলেন ফ্রান্সিস। তৃতীয় ঘটনাটি ২০১৮ সালে, পোপ হিসেবে দায়িত্ব পালনের সময়। তার বর্ণনায়, শয়তানের চোখ ছিল আগুনের মতো জ্বলজ্বলে, ভয়ংকর অথচ প্রলুব্ধকর। একবার শয়তানের কণ্ঠস্বরও শুনতে পেয়েছিলেন তিনি। কণ্ঠটি ছিল প্রচণ্ড কর্কশ।
২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতির সময় নরকের প্রবেশদ্বার দেখার কথাও লিখেছেন ফ্রান্সিস। দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরে সুরক্ষার জন্য হাতে তুলে নেন রোজারি।
ব্যক্তিগত ঐ ডায়েরিতে শুধু অতিপ্রাকৃত অভিজ্ঞতাই নয়, নিজের ক্ষমতার মোহ ও মানসিক সংকটের কথাও স্বীকার করেছেন ফ্রান্সিস। ২০২১ ও ২০২২ সালে অন্যদের নিয়ন্ত্রণ করার প্রবণতা এবং সবকিছু নিজের হাতে রাখার আকাঙ্ক্ষা নিয়ে গভীর আত্মিক সংকটে ভুগেছিলেন তিনি। চিলিতে ক্যাথলিক যাজকদের যৌন নিপীড়ন কেলেঙ্কারির ঘটনায় শুরুতে অভিযোগের গুরুত্ব বুঝতে না পারার জন্যও অনুশোচনা প্রকাশ করেছেন।
২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়া ফ্রান্সিস ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান।
বিভি/এইচজে













মন্তব্য করুন: