ফের ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক ট্রাম্পের, নিশানায় মোজতবা?
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানোর বিষয়টি নতুন করে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এই পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই তৈরি হয়েছে মতবিরোধ। এক পক্ষের ধারণা, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিলে যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে। অন্য পক্ষের আশঙ্কা, এতে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে পড়বেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির তথ্য অনুযায়ী, ইরানের যেসব নেতাকে যুদ্ধ অবসানের পথে বাধা মনে করা হচ্ছে, তাদের লক্ষ্যবস্তু করার বিষয়ে আলোচনা চলছে। সমর্থকদের যুক্তি, এমন অভিযান তেহরানের অবশিষ্ট নেতৃত্বকে বুঝিয়ে দেবে যে, যুক্তরাষ্ট্র যেকোনো সময় তাদের খুঁজে বের করে হত্যা করতে সক্ষম। এতে আলোচনার টেবিলে আসতে চাপ বাড়বে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েক কর্মকর্তা সতর্ক করেছেন, শীর্ষ নেতাদের হত্যা করলে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও অনমনীয় হয়ে উঠতে পারে। ভবিষ্যৎ শান্তি আলোচনায় ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে তার ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন। তিনিও ওই একই হামলায় আহত হন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধের নবম মাসে এসে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আবারও হত্যাকাণ্ড চালানো সংঘাত চরমে উঠে পারে বলে শঙ্কা ছড়িয়ে পড়ছে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: