গাজায় নারীদের মাতৃত্বের অধিকারও কেড়ে নিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
ছবি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
গাজায় ফিলিস্তিনি নারীদের সন্তান ধারণ ও জন্মদানের সক্ষমতা বাধাগ্রস্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, ইসরাইলি কর্মকাণ্ডে গর্ভপাত, মৃত সন্তান প্রসব এবং বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ সংকুচিত হয়েছে। এ পরিস্থিতিতে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে অ্যামনেস্টি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গাজার নারীদের প্রজননস্বাস্থ্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা ব্যাহত হয়েছে, বেড়েছে গর্ভকালীন জটিলতা, গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনা। এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিলো কি না, তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থানে সংস্থাটি নেই বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা সরঞ্জামের সংকট ও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও পরবর্তী চিকিৎসা এবং জরুরি সেবা ব্যাহত হয়েছে। যুদ্ধের আগে গাজায় আইভিএফ চিকিৎসার অন্তত নয়টি ক্লিনিক থাকলেও বর্তমানে কোনোটিতেই এ সেবা চালু নেই। সংরক্ষিত হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণুও ধ্বংস হয়েছে।
অ্যামনেস্টির অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট বলেছে, সংস্থাটি হামাসের ‘মিথ্যা বয়ান’ সমর্থন করছে। তাদের দাবি, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসাসামগ্রী ও ওষুধ প্রবেশ করেছে এবং ৩৫টি হাসপাতাল চালু রয়েছে।
অ্যামনেস্টি আইসিসিকে সম্ভাব্য গণহত্যার পাশাপাশি লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর যুদ্ধের প্রভাব তদন্তে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। সূত্র: এএফপি
বিভি/এমআর













মন্তব্য করুন: