প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ, যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এ বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এর আগে, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক গণমাধ্যমকে জানান, নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার বেলা ১১টায় অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
২৪২টি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষার জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পরীক্ষার আগের রাত থেকেই সম্ভাব্য প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতে শুরু করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেন অনেকে। পরে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: