• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের সমাবেশ, যশোরে জনতার ঢল

প্রকাশিত: ১৫:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের সমাবেশ, যশোরে জনতার ঢল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে যশোরে জনস্রোত নেমেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে দলে দলে নেতাকর্মীদের আগমন শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। রঙিন সাজে সজ্জিত হয়ে নেচে-গেয়ে তারা সভাস্থলের দিকে আসেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর শহরসহ আশপাশের জনপদ।

সোমবার সকাল ১১টার পর থেকে উপশহর কলেজের বিশাল মাঠে জনসমাগম দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কপালে ফ্যাটা, মাথায় টুপি—ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন গ্রুপ মাঠে প্রবেশ করেন।

সকাল থেকেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সজ্জিত শিশুদের মাঠজুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই শরীরে পাকা ধানের শীষ জড়িয়ে এসেছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। সবার কণ্ঠে একই স্লোগান—‘তারেক জিয়া আসছে, যশোরবাসী হাসছে’ এবং ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’।

যশোরের আটটি উপজেলা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন।

বাঘারপাড়ার জহুরপুর থেকে আসা বিএনপি কর্মী নুরনবী বলেন, দীর্ঘ ত্যাগের পর দলের চেয়ারম্যান দেশে ফিরেছেন। আগে কখনও তাকে সরাসরি দেখার সুযোগ হয়নি, আজ সেই সুযোগ হচ্ছে। আগামীর বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা তিনি যশোর থেকেই দেবেন বলে আমাদের প্রত্যাশা। তার আগমনকে ঘিরে পুরো যশোর উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

মণিরামপুর থেকে আসা আজগর আলী বলেন, ফজরের নামাজ আদায় করেই জনসভায় এসেছি শুধু তাকে সামনে থেকে দেখার জন্য। তার বক্তব্য শুনতে চাই। তিনি অতীতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দেশকে আরও এগিয়ে নেবেন—এই বিশ্বাস আমাদের।

অভয়নগর থেকে আসা বিএনপি কর্মী রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন পর নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ফিরেছে। প্রিয় নেতার মুখ থেকে নির্বাচনী বার্তা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিকনির্দেশনা শোনার আশায় তিনি সমাবেশে এসেছেন।

এদিকে সোমবার ভোর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সমাবেশস্থলে অবস্থান করছেন। জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। যশোর-মাগুরা, যশোর-ঝিনাইদহ, যশোর-খুলনা ও যশোর-নড়াইল সড়কে পুলিশের সদস্যরা অবস্থান নিয়ে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের গাড়িবহর নির্ধারিত স্থানে রাখার নির্দেশনা দিচ্ছেন। এর আগে র‌্যাবের একটি দল ডগ স্কোয়াড দিয়ে মাঠ তল্লাশি চালায়।

জেলা পুলিশ জানায়, যশোর উপশহরের বিরামপুর প্রাইমারি স্কুল মাঠে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। এখানেই তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। পরে সেখান থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে তিনি জনসভাস্থলে পৌঁছাবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: