রাজার ছেলে রাজা হবে, এই রাজনীতি আমরা চাই না: জামায়াত আমীর
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের সেই অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াতের আমীর বলেন, রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কক্সবাজার একটি অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা হলেও পরিকল্পিত উন্নয়নের অভাবে সেই সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটেনি। তার অভিযোগ, দুর্নীতিবাজদের লুটপাট ও অনিয়মের কারণেই এই অঞ্চল উন্নয়নে পিছিয়ে পড়েছে।
তিনি আরও বলেন, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সদর-রামু-ঈদগাঁও আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-২ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে জেলা জামায়াতসহ ১১ দলীয় জোটের আঞ্চলিক, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: