একাত্তরে প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য একটি দলের দরদ নেই: তারেক রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে এই গোষ্ঠীর মা-বোনদের প্রতি কোনো দরদ নেই। সে সময় তাদের ভূমিকার কারণে লাখো মা-বোনের সম্মানহানি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যারা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে অসম্মান করে এবং অবমাননাকর ভাষা ব্যবহার করে, তারা কোনোভাবেই দেশপ্রেমিক বা জনদরদি শক্তি হতে পারে না।
প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে এখন তারা এটিকে হ্যাকিংয়ের ঘটনা বলে চালানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে, এমন দাবি অবাস্তব। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতার প্রকাশ্যে মিথ্যাচার অত্যন্ত উদ্বেগজনক। যারা সহজেই মিথ্যা বলে, তারা কখনো দেশের কল্যাণ করতে পারে না।
তিনি আরও বলেন, সত্য গোপন করে নিজেদের রক্ষা করার চেষ্টা জাতির সঙ্গে প্রতারণার শামিল। যারা জনগণের সামনে মিথ্যা বলতে পারে, তারা কখনোই বিশ্বস্ত বন্ধু বা নেতৃত্বের যোগ্য হতে পারে না।
তারেক রহমান বলেন, তাদের দলের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে সাংগঠনিক কাজে অংশ নেন। সেই নারী কর্মীদের উদ্দেশে বলতে চাই—আপনাদের নেতারা দেখুন কী ধরনের নোংরা ভাষা ব্যবহার করছেন।
তিনি আরও বলেন, তারা ইসলাম কায়েমের কথা বলে অথচ ইসলামের ইতিহাসই প্রমাণ করে নারীর সম্মান ও কর্মজীবনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হযরত খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। অথচ এই দলের পূর্বসূরীরাই ১৯৭১ সালে মা-বোনদের অপমান করেছে। এদের হাতে দেশের মানুষ, বিশেষ করে নারী সমাজ, কখনোই নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, একটি পক্ষ নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের জবাব দেওয়ার সময় এসেছে। আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পাবে—ইনশাআল্লাহ।
বিভি/এজেড



মন্তব্য করুন: