• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

এবার মাদরাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা পেলেন হান্নান মাসউদ

প্রকাশিত: ১০:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার মাদরাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা পেলেন হান্নান মাসউদ

কিছুদিন আগে নির্বাচনী প্রচারণায় বন্ধু-সহপাঠীদের থেকে ১৪ লাখ টাকা পেয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবার মাদরাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা পেয়েছেন আরেক প্রার্থী হান্নান মাসউদ। 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন তার বন্ধু ও মাদরাসার সহপাঠীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার ওছখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বন্ধুদের পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুদান প্রদানকারীদের মধ্যে ছিলেন হাতিয়া রাহমানিয়া ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ফজলে এলাহী হৃদয়, চর কৈলাশ হাদিয়া ফাজিল মাদরাসার মো. আব্দুর রবসহ বিভিন্ন মাদরাসার ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বন্ধুরা সবসময় তার পাশে থেকেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। সহপাঠীদের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট রয়েছে উল্লেখ করে তিনি তাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণদের সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব। নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহী হৃদয় বলেন, আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে—এই বিশ্বাস থেকেই বন্ধুরা তার পাশে দাঁড়িয়েছেন।

আরেক সহপাঠী মো. আব্দুর রব বলেন, হান্নান মাসউদ কোন দল বা জোটের প্রার্থী—এটি তাদের কাছে মুখ্য নয়। তিনি তাদের বন্ধু। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার থেকেই এই সহযোগিতা।

অনুষ্ঠানে ২০১৭ সালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: