• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভোটে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ০১:০৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, সরকারি চিকিৎসকদের বেসরকারি প্র্যাকটিস বন্ধ, পুলিশের নাম পরিবর্তন করে ‘সেবক বাহিনী’ করাসহ মোট ১৭টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব প্রতিশ্রুতির কথা জানান তিনি।

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় এলে ফ্যাসিস্ট আমলে সংঘটিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার করা হবে। বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের সব প্রবণতা সমাজ থেকে মুছে ফেলার ঘোষণা দেন তিনি।

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগের কথা বললেও অবহেলা ও অজ্ঞতার কারণে এখন পর্যন্ত দৃশ্যমান সাফল্য আসেনি। সরকার গঠনের সুযোগ পেলে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। অর্থপাচার ও লুটপাটে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না বলেও জানান তিনি।

এ সময় পাচারকারীদের বিরুদ্ধে কয়েকটি প্রস্তাব দেন নাহিদ। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া যেসব অর্থ ইতোমধ্যে শনাক্ত হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কর হিসাবে অন্তর্ভুক্ত করে জরিমানাসহ কর আরোপ করতে হবে এবং দেশে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের গণশত্রু ঘোষণা করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের আওতায় নেওয়ার প্রস্তাব দেন তিনি। আন্তর্জাতিক মানের পেশাজীবীদের মাধ্যমে স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনায় এই সংস্থাটি পরিচালিত হবে বলেও জানান।

পররাষ্ট্রনীতির বিষয়ে নাহিদ ইসলাম নতজানু কূটনীতির পরিবর্তে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অবস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্য ঘাটতি কমিয়ে এবং অতিনির্ভরশীলতা হ্রাস করে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আত্মমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। দক্ষিণ এশিয়ায় সার্ক পুনরুজ্জীবিত করা এবং আসিয়ানে যোগদানের চেষ্টা অব্যাহত রাখার কথাও বলেন তিনি। মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

প্রবাসী নাগরিকদের সেবা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ মিশন স্থাপন এবং কূটনীতিকের সংখ্যা বৃদ্ধির কথা জানান নাহিদ। একই সঙ্গে সম্ভাবনাময় দেশগুলোতে নামমাত্র খরচে জনবল রপ্তানি এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

তিনি ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সামরিক প্রশিক্ষণ চালু এবং প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ পুনর্গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ী, রাজনীতিক ও আমলাদের সিন্ডিকেট ভেঙে দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

নাহিদ ইসলাম বলেন, কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা যেন কোনো ধরনের চাঁদা বা তোলা ছাড়াই পণ্য বিক্রি করতে পারে, সরকার তা নিশ্চিত করবে। এতে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবসহ গত ১৫ বছরে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, দস্যুবৃত্তি, লুটপাট ও দুর্নীতিতে জড়িতদের বিচার করা হবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশকে পুনর্গঠন করে নাম পরিবর্তন করে ‘সেবক বাহিনী’ করা হবে। কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় সরকার পর্যায়ে পুলিশ ব্যবস্থাপনা চালু করা হবে। উপজেলা পর্যায় থেকে নিয়োগ ও পদায়নের পাশাপাশি সমান সংখ্যক নারী ও পুরুষ নিয়োগের কথাও জানান তিনি।

তিনি বলেন, খাদ্য, কৃষি, বস্ত্র, গৃহায়ন, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় অবকাঠামোগত সেবার মতো অধিকাংশ দায়িত্ব উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হবে। এতে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হবে এবং জনগণ প্রয়োজন অনুযায়ী সেবা পাবে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও জাতীয় অবকাঠামোর মতো বিষয় দেখবে বলেও উল্লেখ করেন তিনি।

বিচার ব্যবস্থার জট কমাতে উপজেলা পর্যায়ে আদালত স্থাপন এবং ইউনিয়ন পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কথা বলেন নাহিদ। একইভাবে উপজেলা পর্যায়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি জননিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন। এছাড়া স্থানীয় সরকারের যেকোনো পর্যায়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া বক্তব্যে স্বাস্থ্যখাত নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: