• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১:১২, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে মানুষ। ফলে অনেকেই এখনও কর্মস্থলে ফেরেননি। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রীয় দায়িত্বই সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকেই ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস শুরু করেন তিনি। প্রথম দিনেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। এদিন সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয়ে অবস্থান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

তিনি আরও জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেকটি জরুরি সভায় সভাপতিত্ব করেন।

বিকালে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমে সময় কাটান প্রধানমন্ত্রী। সব মিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত।

আতিকুর রহমান রুমন বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন রাষ্ট্রনেতার দেশের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও অনেক সময় ম্লান হয়ে যায়। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্র পরিচালনায় অঙ্গীকারের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: