• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

প্রকাশিত: ২২:১০, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জোগায়। গণহত্যা দিবস (২৫ মার্চ) উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি উক্ত মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। এতে পুরো জাতি স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়ে।

তিনি উল্লেখ করেন, ওই রাতেই চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গণহত্যার বিরুদ্ধে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে, সাহসী করে তোলে এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এর মধ্য দিয়েই শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যা দীর্ঘ ৯ মাস পর লাখো শহীদের আত্মত্যাগে বিজয়ে পরিণত হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, ওই ভয়াল রাতে রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক এবং অসংখ্য নিরীহ মানুষ নির্মম গণহত্যার শিকার হন। রাষ্ট্রপতি এ দিনে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার নিষ্ঠুরতা এবং জাতির বীরত্বগাঁথা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে এবং সেখান থেকে অনুপ্রাণিত হতে হবে।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বহু বছর পর জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা—যেখানে বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন ও অবিচার থাকবে না। তিনি ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে তিনি ২৫ মার্চসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: