মালয়েশিয়া গমনেচ্ছু ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন করা যাবে না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি হিসেবে কোনো ধরনের অর্থ প্রদান থেকেও বিরত থাকতে হবে।
এ ছাড়া সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে গমনেচ্ছু কর্মীদের মেডিকেল পরীক্ষা না করানোর জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়। মেডিকেল পরীক্ষার নামেও কোনো অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিক্রুটিং এজেন্টদেরও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো ধরনের চুক্তি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা এবং এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করাই উচিত। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্ট—উভয় পক্ষকেই সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ বা তথ্যের প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে। বাংলাদেশ থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করা যাবে।
এ ছাড়া মালয়েশিয়া সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে যোগাযোগ করা যাবে। তার টেলিফোন নম্বর +০২-৪১০৩০২৪১, মোবাইল নম্বর ০১৭১৬০৪৮১১৫ এবং ই-মেইল [email protected]।
বিভি/টিটি













মন্তব্য করুন: