• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিশেষ ওষুধে যুক্তরাষ্ট্রের ১০০% শুল্ক ছাড়!

প্রকাশিত: ১৫:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের বিশেষ ওষুধে যুক্তরাষ্ট্রের ১০০% শুল্ক ছাড়!

প্রতীকী ছবি

বাংলাদেশ ছাড়া আরও ১৯টি দেশের নির্দিষ্ট বিশেষ ওষুধ ও এসব ওষুধের উপকরণ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তালিকায় থাকা দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে একই ধরনের ওষুধ বা উপকরণ আমদানি করলে মূল্যের সমপরিমাণ শুল্ক দিতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত দেশগুলোর তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকেই নতুন শুল্কহার কার্যকর হয়েছে।

চলতি বছরের ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।

শুল্ক ছাড় পাওয়া পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসার ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস এবং প্রাণীর ওষুধ। এসবের প্রয়োজনীয় উপকরণও এ সুবিধার আওতায় রয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। ইউরোপীয় ইউনিয়নও তালিকায় রয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি থাকা বা ভবিষ্যতে এমন চুক্তির সম্ভাবনা থাকায় এসব দেশ শুল্ক সুবিধা পেয়েছে। সূত্র: যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ফেডারেল রেজিস্টার

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত