টেলিযোগাযোগ মন্ত্রীর চাচা সালাম ফকিরের জানাজায় শোকার্ত মানুষের ঢল
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, গীতিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় সদস্য এবং টাঙ্গাইলের ভূঞাপুরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনৈতিক ব্যক্তি সালাম পারভেজ ফকিরের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ জোহর নামাজ শেষে উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সালাম পারভেজ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিকরাইলস্থ নলুয়া কবরস্থানের বীর মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত স্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অর্নার প্রদান করেন।
জানাজায় মরহুম সালাম পারভেজ ফকিরের চাচা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করির, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রমুখসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দৃরা বক্তব্য রাখেন।
প্রবীণ এই বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতিচারণ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মরহুম সালাম পারভেজ ফকির আমার চাচা হলেও ছিলেন বন্ধু সমতুল্য। তিনি ’৭১-এর সূর্য সৈনিক। বাল্যকাল থেকে একসাথেই বড় হয়েছি। তার সাথে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তিনি তাদেরই একজন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা সকলেই একদিন চলে যাবো। তার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠশিল্পী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় সদস্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ব্যক্তি সালাম পারভেজ ফকির উচ্চ রক্তচাপ, ডায়বেটিসসহ নানা জটিলরোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ২৫ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: