বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন যেসব প্রকল্প
ছবি: প্রধানমন্ত্রী
মুহরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং সেচ প্রকল্প উদ্বোধন করতে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। সফর ঘিরে জেলার উন্নয়ন-প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফেনীর পরশুরাম ও ফুলগাজী। মঞ্চ প্রস্তুত। সাজানো হচ্ছে অনুষ্ঠানস্থল। কোথাও চলছে পরিচ্ছন্নতার কাজ, কোথাও শেষ করা হচ্ছে অবকাঠামোগত প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরে দিনভর পরশুরাম ও ফুলগাজীতে থাকছে একাধিক কর্মসূচি। মুহুরী-কহুয়া প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন থেকে শুরু করে, সোলার বিদ্যুৎ, কৃষক ও পরিবারভিত্তিক সহায়তা—প্রস্তুত হচ্ছে প্রশাসন। অনুষ্ঠানস্থলের পাশাপাশি সড়ক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থাপনাতেও জোর দিয়েছে প্রশাসন। গুরুত্বপূর্ণ পয়েন্টে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।
১ অক্টোবর দুপুরে পরশুরামের খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায়, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের কাছে প্রকল্পটি তাই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে নদীভাঙন ও জলাবদ্ধতার দুর্ভোগ কমার প্রত্যাশা স্থানীয়দের।
পরে পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পাশাপাশি, কৃষি ও জনজীবনে স্বস্তি ফেরার প্রত্যাশা নিয়েই প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ফেনীবাসী।
বিভি/এমআর













মন্তব্য করুন: