• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ২৭৮ কি.মি. পাকা রাস্তা করা হবে: মীর শাহে আলম

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৫:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুড়িগ্রাম সীমান্তে ২৭৮ কি.মি. পাকা রাস্তা করা হবে: মীর শাহে আলম

কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে পাকা রাস্তা নির্মাণ এবং চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও সুপেয় পানি সরবরাহের জন্য ১০০ কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

​বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলা ভারতের তিনটি অঙ্গরাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সীমান্তঘেঁষা। এই জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে মোট ৩৫টি বিওপি (বর্ডার পর্যবেক্ষণ চৌকি) রয়েছে। সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পুরো এলাকা জুড়ে যোগাযোগের সুবিধার্থে পাকা রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রকল্প তৈরির নির্দেশ দেন তিনি।
​জেলা থেকে দারিদ্র্য বিমোচন এবং যুবসমাজকে বিদেশমুখী ও আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী করে তোলার বিষয়ে প্রতিমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে তাদের বিদেশি ভাষা শেখার ওপর জোর দিতে হবে।

​প্রতিমন্ত্রী জানান, কুড়িগ্রামের নদীবেষ্টিত প্রায় সাড়ে চার শ চরের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

​এর পাশাপাশি জেলাজুড়ে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ১০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণার কথা জানান মন্ত্রী। এর মধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার সুপেয় পানি সরবরাহের জন্য ৫০ কোটি টাকা এবং নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রেখে মোট ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

​যৌথ সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত