কোনো ধরনের ভোগান্তি নেই, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে বর্তমানে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী বলেন, উড়োজাহাজ থেকে নামার পর গড়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই যাত্রীরা লাগেজ হাতে পাচ্ছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিদর্শনের সময় মন্ত্রী সরাসরি ব্যাগেজ বেল্ট এলাকায় যান। সেখানে লাগেজের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে তারা কত দ্রুত ব্যাগেজ পাচ্ছেন এবং বিমানবন্দরের সার্বিক সেবার মান সম্পর্কে জানতে চান। এ সময় কয়েকজন যাত্রী দ্রুত লাগেজ পাওয়ার বিষয়টি তুলে ধরে বর্তমান ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন বলে জানানো হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরে এখন যাত্রীদের কোনো ভোগান্তি নেই। গড়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ সরবরাহ করা হচ্ছে।
তবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অর্জনকে আড়াল করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী বিমানবন্দরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, একটি দলের লোক অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভালো কাজগুলোকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে হবে। বিমানবন্দরের প্রতিটি কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় দ্রুত বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলির সংখ্যা বাড়ানোরও নির্দেশনা দেন বিমানমন্ত্রী। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: