জামায়াতের চার এমপিকে হয়রানির ঘটনায় বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানি এবং সময়মতো লাগেজ বুঝিয়ে না দেওয়ার অভিযোগের পর বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ।
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন—বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, বিমানের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্বের বিষয়টি উঠে এসেছে।
তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ পালন করে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অন্য একটি কন্টেইনার শনাক্ত করে সেখান থেকেও জমজমের পানি সরবরাহ নিশ্চিত করা হয়।
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: