সীমান্তে আবারও ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় পণ্ড
পঞ্চগড়ের সীমান্ত দিয়ে আবারও সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে একই সীমান্ত দিয়ে ওই সাতজন ভারতে ফিরে যেতে বাধ্য হন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে ফিরে যান। পুশ-ইনের চেষ্টার শিকার সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
নীলফামারী ব্যাটালিয়ন (বিজিবি-৫৬)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন।
দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই সাতজন একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশ-ইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: