১৮ কোটি মানুষের পানির সংকটে পাশে ইউনিসেফ-বিশ্বব্যাংক: মঈন খান
দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে ইউনিসেফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহায়তার আশ্বাস দিয়েছে। এ সহায়তার পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান এ তথ্য জানান।
সকালে ইউনিসেফের একটি প্রতিনিধিদল স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে আসে। বৈঠক শেষে ইউনিসেফের প্রতিনিধি জানান, বাংলাদেশের সব মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সহায়তা করবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়া তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। তবে উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের বিভিন্ন নদ-নদীতে পানির প্রবাহ কমে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে লবণাক্ততা। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে।
তিনি বলেন, নিরাপদ পানি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ধনী দেশগুলোও তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে। এর ওপর অতীতে পাওয়া বিদেশি সহায়তার সঠিক ব্যবহার হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, বর্তমান সরকার তা বন্ধ করেছে। দুর্নীতি বন্ধ করে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
নিরাপদ পানি সরবরাহ, নদীর পানির প্রবাহ স্বাভাবিক রাখা এবং লবণাক্ততা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: