বাংলাদেশ নিয়ে আগ্রহী ইন্দোনেশিয়া, ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আনিস মাত্তা। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপমন্ত্রী আনিস মাত্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে গিয়ে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া।
যোগাযোগব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচলের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান আনিস মাত্তা। একই সঙ্গে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়টি অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা গভীর করার লক্ষ্যে বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: