সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স। আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে হুমায়ুন কবির বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। বাংলাদেশের শান্তিরক্ষার অভিজ্ঞতা ও দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে অগ্রাধিকার পাবে। শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ চায়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং দেশটির উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হোক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।
বিভি/টিটি













মন্তব্য করুন: