• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাতেই জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৩:২২, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাতেই জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এই সফরের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দল।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

সফরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা উন্নয়নও আলোচনায় স্থান পাবে।

সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, বেসামরিক বিমান চলাচল, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। আলোচনায় থাকা আটটি সমঝোতা স্মারকের মধ্যে তিন থেকে চারটি চূড়ান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জাইকা, জেবিআইসি ও জেট্রোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া চিবা প্রিফেকচারের একটি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ার ইউনিক্লো ও টয়োটার স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরে অংশ নেবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে এবং দেশের বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত