এআইনির্ভর পর্যটনশিল্প গড়তে ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের মেলা
এআইনির্ভর ও টেকসই পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) ১৪তম আসর। তিন দিনব্যাপী এ মেলায় ২০টিরও বেশি দেশের অংশগ্রহণের পাশাপাশি ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। মেলায় বিভিন্ন পর্যটন প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, হোটেলে খাবার ও পানীয়তে বিশেষ সুবিধা এবং র্যাফল ড্রয়ে বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’।
মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিনিধি, ২২০টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং ২০০টিরও বেশি বুথ ও স্টল অংশ নেবে। আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থী আসবেন।
মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটন প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হোটেলে খাবার ও পানীয়তে বিশেষ ছাড় এবং র্যাফল ড্রয়ের মাধ্যমে বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকবে।
আয়োজকদের আশা, এ আয়োজন দেশের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটন সংস্থা ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে পর্যটনসেবাকে আরও আধুনিক ও টেকসই করার পথ তৈরি করবে এ মেলা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: