জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাপানের আধুনিক পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু (Nittsu) লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি এ কেন্দ্র পরিদর্শন করেন। জাপানের চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে এ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
নিটসু নামে পরিচিত নিপ্পন এক্সপ্রেস জাপানের অন্যতম প্রধান লজিস্টিকস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পণ্য পরিবহন, গুদামজাতকরণ ও সরবরাহব্যবস্থাপনা সেবা দিয়ে থাকে। আধুনিক লজিস্টিকস ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের পরিবহন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে।
এর আগে মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন সানায়ে তাকাইচি।
পরে চিবা প্রিফেকচারের ফুতসু শহরে জাপানের জ্বালানি প্রতিষ্ঠান জেরা (JERA)-এর এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। এ সময় জাপানের জ্বালানি অবকাঠামো, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বিদ্যুৎ খাতে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রধানমন্ত্রীর জাপান সফরের অন্যতম লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করা। এ সফরে জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশের পণ্যের জন্য জাপানের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সফরকালে জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনারও কর্মসূচি রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: