৫ ঘণ্টা বিলম্বের পর অবশেষে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ছবি: সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে ৫ ঘণ্টা বিলম্বের পর জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
এর আগে উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ায় উড্ডয়ন স্থগিত করেন পাইলট। বোর্ডিং শেষে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ওই সংকেত দেখা যায়। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পর বিমানটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। মেরামতের কাজ দীর্ঘায়িত হওয়ায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।
ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উড্ডয়নের কথা ছিলো। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ার কথা জানান। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।
প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষে ত্রুটি সারানো হলে পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। এরপর রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।
বিভি/এআই













মন্তব্য করুন: