সরকারি বাসা থেকে সাবলেট ভাড়াটিয়া সরাতে কড়া নির্দেশ!
ছবি: ফাইল ফটো
আগামী শনিবার, ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসায় থাকা সাবলেট ভাড়াটিয়াদের সরিয়ে বরাদ্দ পাওয়া কর্মচারীদের নিজ বাসায় বসবাসের নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে বাসার বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাঁদের নামে বরাদ্দ করা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।
এ অবস্থায় সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা এক বা একাধিক কক্ষ সাবলেট বা ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে যারা বাসা ভাড়া দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় বসবাস শুরু করতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে, যাতে তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া যায়।
বিভি/এমআর













মন্তব্য করুন: