৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাস সরবরাহ কমবে, ভোগান্তি থাকবে কতদিন?
কয়েক দিন গ্যাসের স্বল্প চাপের ভোগান্তিতে পড়তে পারেন সারাদেশের গ্রাহকরা। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে চার দিন বন্ধ থাকবে টার্মিনালটির কার্যক্রম। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে।
রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
এর প্রভাবে এ সময় সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ বিভিন্ন শ্রেণির গ্রাহককে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
বিভি/টিটি













মন্তব্য করুন: