• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

অসহায় ক্যানসার রোগীদের জন্য ঢাকায় এক টুকরো স্বস্তির ঠিকানা ‘আলোক নিবাস’

মোরশেদ আলম

প্রকাশিত: ১৯:২৩, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৪, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অসহায় ক্যানসার রোগীদের জন্য ঢাকায় এক টুকরো স্বস্তির ঠিকানা ‘আলোক নিবাস’

তিন বছর বয়সে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয় ছোট্ট রোহান। সন্তানের জীবন বাঁচাতে সর্বস্ব দিয়ে চিকিৎসা চালায় পরিবার। ছুটতে হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। কিন্তু চিকিৎসার ব্যয়ের পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, অব্যবস্থাপনা আর থাকার সংকটে বাড়তে থাকে দুর্ভোগ।

রোহানের মত একই দশা শ্রদ্ধা বিশ্বাস, মারুফাসহ ক্যান্সার আক্রান্ত অন্য রোগীদেরও। তাদের সবার গ্রামের বাড়ি প্রত্যন্ত এলাকায়। ঢাকায় নেই কোনো আত্মীয়স্বজনও। এমন পরিস্থিতিতে যেন অন্ধকারের মাঝে আলোর ঠিকানা হয়ে আসে ‘মোসাব্বির আলোক নিবাস’। কেউ গেল পাঁচ বছর কেউ ছয় আবার কেউ কয়েক মাস ধরে সেখানে থেকেই বিনা খরচে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

রোহান, মারুফা, শ্রদ্ধাদের মতো এমন অসংখ্য ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁদের স্বজনদের কাছে এই আশ্রয়কেন্দ্র এখন শুধু থাকার জায়গা নয়, যেন আরেকটি পরিবার।

এখানে রয়েছে রোগী ও স্বজনদের বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা, হাসপাতাল থেকে আনা-নেওয়ার জন্য পরিবহন সুবিধা এবং সার্বক্ষণিক সেবার ব্যবস্থা। প্রতিদিন তিন বেলা রান্না হয় প্রায় ৬০০ মানুষের খাবার। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী পুষ্টিকর খাবারের পাশাপাশি রয়েছে পুষ্টিবিদ ও মনোবিদের পরামর্শ। শিশুদের জন্য আছে খেলাধুলার ব্যবস্থা, আর নামাজ ও প্রার্থনার জন্য রয়েছে আলাদা জায়গা। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি রক্ষায়ও কঠোর নিয়ম অনুসরণ করা হয়। নিয়মিত খোঁজ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও। 

শুধু চিকিৎসার সময়টুকু নয়, দীর্ঘ ক্যানসারযুদ্ধে রোগী ও স্বজনদের মানসিক স্বস্তি দেওয়ারও চেষ্টা চলে সেখানে। অবসর সময়ে রোগীদের সৃজনশীল কাজে যুক্ত করতে রয়েছে ‘আলোক কাঁথা’ প্রকল্প। যেখানে পরিত্যক্ত কাপড় দিয়ে জায়নামাজ, নকশিকাঁথা ও ডায়েরির কভারসহ নানা পণ্য তৈরি করেন তাঁরা। উৎসব-পার্বণেও থাকে বিশেষ আয়োজন। সব মিলিয়ে হাসপাতালের ব্যস্ততা আর চিকিৎসার ক্লান্তি শেষে রোগীদের জন্য এটি হয়ে ওঠে পরিবারের মতই নিরাপদ আশ্রয়কেন্দ্রে।

কিন্তু কীভাবে গড়ে উঠল এমন মানবিক উদ্যোগ? এর পেছনে রয়েছে একজন হার না মানা সৈনিকের মত মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গল্প। তিনি নাজমুস আহমেদ আলবাব। একসময় ছিলেন সফল গার্মেন্টস ব্যবসায়ী। ২০০৯ সালে তাঁর শরীরে ধরা পড়ে ব্লাড ক্যানসার। চিকিৎসকদের আশঙ্কা ছিল, বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তখন পরিবারের মুখগুলোই তাঁকে বাঁচার আকুতি জুগিয়েছে।

দুই বছর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ২০১১ সালে সুস্থ হয়ে দেশে ফেরেন আলবাব। কিন্তু ফিরে এসে আগের জীবনে মন বসাতে পারেননি। বিভিন্ন সরকারি হাসপাতালের বারান্দায় ঘুরে দেখেন, অর্থাভাবে ক্যানসার আক্রান্ত মানুষ কীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছেন। নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় তাঁদের অসহায়ত্ব। উপলব্ধি করেন, শুধু চিকিৎসার অর্থ জোগাড় করলেই হবে না, রোগীদের প্রয়োজন পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ আশ্রয় ও মানসিক সমর্থন।

সেই উপলব্ধি থেকেই ২০১৩ সালে ছেড়ে দেন দীর্ঘদিনের গার্মেন্টস ব্যবসা। পরিচিতজনদের সহায়তায় শুরু করেন অসচ্ছল ক্যানসার রোগীদের চিকিৎসায় অর্থ সংগ্রহ। ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্যানসার এইড ফাউন্ডেশন।

পরে ২০১৯ সালে এটি রূপ নেয় বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট—ব্যানক্যাটে। একই বছর যাত্রা শুরু করে ‘মোসাব্বির আলোক নিবাস’। বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল মোদাচ্ছির হোসেন খানের দান করা প্রতিষ্ঠান ও অর্থের সহায়তায় তাঁর প্রয়াত ছেলে মোসাব্বিরের নামে গড়ে ওঠে এই আশ্রয়কেন্দ্র। 

বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এর সাধারণ সম্পাদক মাহজাবীন ফেরদৌস বাংলাভিশনকে জানান, শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে বেড়েছে এর পরিধি। বর্তমানে দুটি ভবনে রয়েছে ৯০টি শয্যা। রোগীদের পাশাপাশি তাঁদের একজন করে স্বজনও থাকতে পারেন সম্পূর্ণ বিনা খরচে। তবে এখানেই থেমে থাকতে চান না তারা। মানিকগঞ্জে ১২০ শয্যার ‘আলোক বসতি ও পূর্ণাঙ্গ ক্লিনিক গড়ে তোলার কাজ চলছে। স্বপ্ন, ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় গড়ে উঠবে এমন মানবিক আশ্রয়কেন্দ্র।

বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এর অর্থ ও হিসাব নিয়ন্ত্রক আবু রায়হান বাংলাভিশনকে জানান, এখানে থাকা-খাওয়া বাবদ রোগীদের কোনো অর্থই গুনতে হয় না। ফ্রিতে দেওয়া হয় সেবা। বর্তমানে দুই শতাধিক নিয়মিত অনুদানকারী রয়েছেন। তাদের সহায়তায় কর্মীদের বেতন দেওয়া হচ্ছে এবং যাবতীয় খরচ মেটানো হচ্ছে। 

মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়া জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন আলবাব। একসময় যে ক্যানসার তাঁকে জীবনের অর্থ নতুন করে চিনিয়েছিল, সেই অভিজ্ঞতাই এখন অসংখ্য অসহায় মানুষের বেঁচে থাকার লড়াইয়ে সাহস জোগাচ্ছে। তাদের বিশ্বাস, সাহস, আত্মবিশ্বাস আর বিচক্ষণতা থাকলে তরুণ প্রজন্মও এগিয়ে আসতে পারে মানুষের পাশে দাঁড়াতে।

বিভি/এমএ/এজেড

মন্তব্য করুন: