হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে বিভ্রান্তিকর খবর, যা বললেন ডেপুটি প্রেস সচিব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিক কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তার দাবি, একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম বিভ্রান্তি তৈরি করছে।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন সুজন মাহমুদ। তিনি জানান, তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহের পর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
সাইদুর রহমান তাঁকে জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদন নিয়ে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন হাইকমিশনের প্রেস মিনিস্টার। কারণ, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানকে দেওয়া ক্ষমতাপত্রের কোনো নথি কিংবা প্রমাণ জমা দেওয়া হয়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সুজন মাহমুদের পোস্টে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের বক্তব্যও তুলে ধরা হয়েছে। এতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁর নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশের ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। তবে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো তথ্য বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠানও যাচাই করে জানিয়েছে, আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইল পাঠানোর ঘটনা এবং আনুষ্ঠানিক পাসপোর্টের আবেদন করার বিষয়টি এক নয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: