কপ-৩১ এর বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনীও পর্যবেক্ষণ করেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।
এ ছাড়া প্যাভিলিয়নে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান তিনি।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বিভি/পিএমও/পিএইচ













মন্তব্য করুন: