• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:২২, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৩, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত মেলেনি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বিষয়টি সংসদে উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম প্রশ্ন করেন, ঘটনার পরপরই দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রোল বোমা হামলার কোনো আলামত না পাওয়ার কথা জানালেও ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ ওঠার পরও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুনের সূত্রপাত হয়। ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন।

মন্ত্রী জানান, পরিত্যক্ত ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা যায়।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কাছের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া জেলা পুলিশ সুপারকেও সেখানে পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত দল বিষয়টি তদন্ত করছে।

সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের আলামত পরীক্ষা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্যও পাওয়া যায়নি। এমনকি বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের তথ্য দেননি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ দুর্বল ছিল। সেখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এটি এখনো প্রাথমিক ধারণা। চূড়ান্ত তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: