• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

প্রকাশিত: ১৮:৫৮, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসী কার্ডের নামে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে একটি অসাধু চক্র। পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চক্রটি। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্ড প্রবর্তনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কার্ডটি চালু করা হয়নি। এমনকি এ-সংক্রান্ত আবেদন গ্রহণও শুরু হয়নি।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশে ও বিদেশে কিছু অসাধু ব্যক্তি এবং দালাল চক্র প্রবাসী কার্ডের নামে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে তারা।

এ পরিস্থিতিতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদনপ্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানানো হবে। তাই এ বিষয়ে কোনো অনানুষ্ঠানিক প্রচার বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ প্রতারণার শিকার হলে কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধও জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: