চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা, কারণ জানালেন শিল্পমন্ত্রী
প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানার গ্যাসের চাহিদা পূরণে সরবরাহ সীমিত থাকায় আপাতত কারখানাটিতে উৎপাদন শুরুর সুযোগ নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
প্রশ্নে নাদিয়া পাঠান পাপন বলেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খনন করা কূপ থেকে পাওয়া অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে, তা জানতে চান তিনি।
জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে গ্যাসের সরবরাহ সীমিত থাকায় সরকার বেশি উৎপাদনক্ষমতা ও আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে বর্তমানে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, গ্যাসের চাপ বাড়লে এবং সরবরাহে অতিরিক্ত সক্ষমতা তৈরি হলে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে।
এ দিকে দীর্ঘদিন ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকায় দেশের সার উৎপাদন সক্ষমতা ও কৃষি খাতে সার সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: