• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশিত: ২২:৪২, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানাধীন বঙ্গবাজার মহানগর শপিং কমপ্লেক্সে চাঁদাবাজি, মার্কেট দখলের চেষ্টা এবং ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মার্কেটের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে ঘটনার বিচার দাবি করেন তারা।

এদিকে মার্কেটের চেয়ারম্যান আলহাজ আবদুর রহমান ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- গোলাম মাওলা, কামাল, জাহাঙ্গীর আলম মাজহার, দেলোয়ার হোসেন রিপন, আমির ঢালি ও সুজন।  অভিযোগে মার্কেট জোরপূর্বক দখলের চেষ্টা, সংঘবদ্ধ হয়ে হামলা, গালাগাল এবং প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আবদুর রহমান দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মার্কেটটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে তারা অজ্ঞাতনামা ৪৫ থেকে ৫০ জনকে সঙ্গে নিয়ে মার্কেটের ভেতরে অনধিকার প্রবেশ করেন। এ সময় সংঘবদ্ধভাবে দখলের উদ্দেশ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মার্কেটে দায়িত্ব পালনরত আনসার সদস্য ও ব্যবসায়ীরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা মার্কেটের ফটকে তালা দেওয়ার চেষ্টা করেন এবং অশালীন স্লোগান দেন। অভিযোগকারীকে অশ্লীল ভাষায় গালাগাল করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আবদুর রহমানের অভিযোগ, তাকে হুমকি দিয়ে বলা হয়, রাস্তায় চলাচলের সময় তার গাড়িতে আগুন দিয়ে তাকে হত্যা করা হবে। একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ীদেরও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর থেকে মার্কেটের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে মার্কেটের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে যাওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, মার্কেটে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিভি/এসবি/এআই

মন্তব্য করুন: