শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
বিজিএমইএ-বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ, কাজ না থাকলে মজুরিও দেওয়া হবে না।
শনিবার (১৪ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ইতিমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল যেসব কারখানায় উৎপাদন চালানো সম্ভব হবে না, সেগুলো চাইলে এ ধারায় বন্ধ রাখতে পারবে।
তিনি জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।
শ্রমিকনেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। পাশাপাশি উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ারও অনুরোধ করেন শ্রমিকনেতারা।
মালিকদের প্রতিও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, বর্তমানে দু-একটি এলাকায় আন্দোলন চলছে। এসব পরিস্থিতিতে আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিভি/এজেড













মন্তব্য করুন: