• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় হবে ৪০০ কোটি টাকা

প্রকাশিত: ১৮:২৫, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় হবে ৪০০ কোটি টাকা

প্রতীকী ছবি

নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, বাসগুলো কেনার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি এরইমধ্যে চীনের কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর অনুমোদনের জন্য প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে।

প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ৬ আগস্ট ৮০০ কোটি টাকা ব্যয়ে ২০০টি বৈদ্যুতিক বাস কেনা ও অবকাঠামো নির্মাণের প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।

বিআরটিসি চেয়ারম্যান জানান, নারী যাত্রীদের সঙ্গে প্রায়ই স্বামী, ভাই কিংবা সন্তান থাকেন। কিন্তু বাসগুলো কেবল নারীদের জন্য নির্ধারিত হওয়ায় তাদের পুরুষ স্বজনেরা উঠতে পারেন না, যার ফলে বাসে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে। এই সংকট কাটাতে বিআরটিসি কিছু নতুন পদক্ষেপ নিচ্ছে:

১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের নারী বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

এ ছাড়া নারী বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন এই ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে শুধু রাজধানী ঢাকা নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নারীদের গণপরিবহন ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত