লেবাসধারী আ. লীগের দোসরদের নিয়ে কঠোর বার্তা তথ্য উপদেষ্টা ডা. জাহেদের
ফাইল ছবি
প্রজাতন্ত্রের লেবাসে থাকা আওয়ামী লীগের দোসরদের প্রত্যেককে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আওয়ামী লীগের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা অবস্থায় কোথাও সহিংস কর্মকাণ্ড চালানো হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, যাত্রাপালা, সার্কাস ও দেশীয় সংস্কৃতির চর্চা চালু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। তবে এসব আয়োজন করতে হবে অশ্লীলতা, জুয়া ও মাদকমুক্ত পরিবেশে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি অশ্লীলতা, জুয়া ও মাদক সংশ্লিষ্টতায় জড়িত যাত্রাপালা বা সার্কাস দলকে নিষিদ্ধ করা হবে।
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রাণহানি ছাড়াই আনুপাতিক হারে বল প্রয়োগ করবে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশকে কোনো দেশ বাধ্য করবে—সেই সময় ৫ আগস্টের আগেই পার হয়ে গেছে। বাংলাদেশ এখন আত্মমর্যাদা বজায় রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একজন মানবতাবিরোধী অপরাধীকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত চেয়েছে। তাঁকে সেভাবেই ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে। এটাই সরকারের অবস্থান।
বিভি/এমএম/পিএইচ













মন্তব্য করুন: