অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
শুধু সংবাদ কপি করে চালানোর প্রবণতার কঠোর সমালোচনা করে দেশের সব অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও কাউকে সামাজিকভাবে হেয় করার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখন একটা অনলাইন পোর্টাল খুলে অন্য জায়গা থেকে সংবাদ কপি করা হয়। সাংবাদিকতায় এটি করা উচিত নয়। আমরা নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারবে না।
তিনি জানান, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও এ ধরনের প্রচুর প্রতিষ্ঠান রয়েছে এবং সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
অনিবন্ধিত অনেক পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও পুলিশ, এসবি ও এনএসআইয়ের যাচাই শেষ না হওয়ায় তা আটকে থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আবেদনকারীদের ক্ষেত্রে পদ্ধতিগত কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আশ্বাস দেন, যারা যোগ্য তাদের খুব বেশি দেরি হবে না এবং শিগগিরই তারা নিবন্ধন পেয়ে যাবেন।
এ ছাড়া গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান জানান, নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একটি যুগোপযোগী নীতিমালা আসছে, তবে এর জন্য আরও কিছুটা সময় লাগবে।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: