• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডিএফসির অর্থ প্রাপ্তিতে বাংলাদেশের যোগ্যতা অর্জন, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত: ১২:৫৯, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিএফসির অর্থ প্রাপ্তিতে বাংলাদেশের যোগ্যতা অর্জন, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: বাসস

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘আনন্দের সঙ্গে অবহিত করছি, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’

এই অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসির অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বাড়বে। যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইতিবাচক কার্যক্রম এবং বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। সে কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত নয় মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সর্বাত্মক বিশ্বাসের ফলেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে আগামী দিনে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসবে। পাশাপাশি দেশের তরুণদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মাহদী আমিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তাতে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।

সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবাই মিলে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন সম্ভব হয়েছে। নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এসব ইতিবাচক পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য অর্থায়নের এই সুযোগ তৈরি করেছে।

বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ডিএফসির এই তহবিলের আওতায় ‘কেস টু কেস’ ভিত্তিতে প্রতিটি প্রকল্প বিবেচনা করা হবে। এর মাধ্যমে আগামী দিনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিভি/জেএ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত