জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন বিধিমালা চালু
জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধান চালু করেছে সরকার। এখন থেকে সম্পত্তির মূল্য নির্ধারণে শুধু সর্বনিম্ন মূল্য নয়, স্থানীয় বাজারদর, সাম্প্রতিক ক্রয়-বিক্রয়, জমির অবস্থান ও অবকাঠামোগত সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে। এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। কমিটির নির্ধারিত বাজারমূল্যের তালিকা কার্যকর থাকবে তিন বছর।
এ লক্ষ্যে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে গত ১১ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। সংশোধনের মাধ্যমে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্যকে বোঝানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে দেওয়া ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদন নিয়ে এ সংশোধনী আনা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য দায়িত্ব পালন করবে জেলা কমিটি। আর এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি।
বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার দায়িত্ব পালন করবেন সদস্য-সচিবের।
জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। এ কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য থাকবেন। জেলা রেজিস্ট্রার এ কমিটিরও সদস্য-সচিব হবেন।
অন্যদিকে উপজেলা কমিটির নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটির সদস্য হিসেবে থাকবেন উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। উপজেলা সাব-রেজিস্ট্রার থাকবেন সদস্য-সচিব।
সংশোধিত বিধিমালায় বাজারমূল্যের তালিকার কার্যকারিতা তিন বছর নির্ধারণ করা হয়েছে। কোনো এলাকার বিদ্যমান বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন মূল্য নির্ধারণ করে তালিকা তৈরি করতে হবে। পরে ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকার একটি অনুলিপি মহা-পরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।
জমির বাজারমূল্য নির্ধারণে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত মূল্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনায় নিতে হবে। পাশাপাশি স্থানীয় বাজারদর, গণশুনানিতে পাওয়া তথ্য, আগের নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক সময়ে জমি কেনাবেচার তথ্যও বিশ্লেষণ করতে হবে।
বিধিমালায় স্পষ্ট করা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণের ভিত্তিতে মূল্য নির্ধারণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী বাজারদরে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণের বিধানও রাখা হয়েছে।
কমিটিগুলোর কাছ থেকে তালিকা পাওয়ার পর ১৫ দিনের মধ্যে তা পর্যালোচনা করে চূড়ান্ত বাজারমূল্য অনুমোদন ও আদেশ জারি করবেন মহা-পরিদর্শক, নিবন্ধন। চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তথ্য জানতে পারেন।
আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে অবশ্য বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রি জারির প্রক্রিয়ায় আদালত যে দলিল সম্পাদন করবেন, তা দলিলে উল্লেখিত মূল্যেই নিবন্ধন করতে হবে।
বায়নাপত্রের ক্ষেত্রেও মূল্য নির্ধারণের পৃথক নিয়ম রাখা হয়েছে। বায়নাপত্রে উল্লেখ করা সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল নিবন্ধনের সময় কার্যকর বাজারমূল্য বিবেচনায় নিতে হবে। আর বায়নাপত্রে উল্লেখিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে সেই দলিলে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।
নতুন বিধিমালার ফলে জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সাম্প্রতিক কেনাবেচা এবং অবকাঠামোগত সুবিধা আরও গুরুত্ব পাবে। একই সঙ্গে মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক মূল্যায়নের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: