কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন কবে, জানালেন ইসি
শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, কমিশন এখনো উপনির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রস্তুত করেনি। বুধবার এ বিষয়ে কমিশনে আলোচনা হবে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। কমিশন সেই বিধান অনুসরণ করেই নির্বাচন আয়োজন করবে।
নির্বাচনের সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে। সব দিক পর্যালোচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে। তবে নির্ধারিত ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেন। পরে তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিভি/টিটি













মন্তব্য করুন: