• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে কী?

কপ৩১: জলবায়ু অভিযোজনে ১২০ বিলিয়ন ডলারের প্রস্তাব

কেফায়েত শাকিল, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ২২:০১, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১: জলবায়ু অভিযোজনে ১২০ বিলিয়ন ডলারের প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব দিয়েছে কপ৩১-এর প্রেসিডেন্সি। তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত খসড়া সিদ্ধান্তে এ প্রস্তাব রাখা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপির ২০২৬ সালের অভিযোজনবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনে বছরে ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিলো মাত্র ২৮ দশমিক ২ থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার। ফলে প্রস্তাবিত ১২০ বিলিয়ন ডলার পাওয়া গেলেও প্রয়োজনের বড় অংশই অপূর্ণ থাকবে।

খসড়া প্রস্তাবে উন্নত দেশগুলোকে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি কীভাবে এই অর্থ সরবরাহ করা হবে, তার একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে উচ্চ সুদের ঋণের পরিবর্তে অনুদান ও সহজ শর্তের অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্যও এই অর্থায়ন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন ডলার। বছরে গড়ে প্রয়োজন ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার প্রয়োজন বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।

খসড়া সিদ্ধান্তে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলেও অর্থ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিন গুণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বার্ষিক হার দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে।

তবে অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন এবং উন্নত দেশগুলোর দায়িত্ব নিয়ে আলোচনায় এখনো মতপার্থক্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য শুধু অর্থের পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়; ঋণের পরিবর্তে অনুদান, সহজ অর্থপ্রাপ্তি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে অর্থ পৌঁছানো নিশ্চিত করাও জরুরি।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল হান্নান খান বলেন, ন্যাশনাল এডাপটেশান প্ল্যান (এনডিসি) অনুযায়ী বাংলাদেশের একারই অভিযোজনে ৯০ বিলিয়ন ডলার প্রয়োজন সেখানে তারা সবার জন্য বরাদ্দ করছে ১২০ বিলিয়ন ডলার। এটা চাহিদার তুলনায় কিছুই না। তারপর আবার দেখা যাবে তারা প্রতিশ্রুত অর্থ যথাসময়ে দিবেও না। এটি চাহিদার তুলনায় খুবই সামান্য। এভাবে জলবায়ু অভিযোজন আলোর মুখ দেখবে বলে মনে হয় না।

বিভি/কেএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত