• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৭, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি বিশ্লেষণ করে শনাক্ত করা হবে। পরে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। এর উদ্দেশ্য হলো, কোনো নিরীহ মানুষ যেন গুলিতে প্রাণ না হারান। তবে আত্মরক্ষার প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে। এ ছাড়া একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা করা হয়েছে।

তিনি বলেন, কথিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়াকেন্দ্রিক হয়ে পড়েছে। তারা সেখানে গিয়ে থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সীমান্তের ওপারে অবস্থান করা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, প্রতিপক্ষ চায় সরকার যেন তাদের মতো রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। মিছিল-সমাবেশে সাধারণ মানুষ অংশ নিলেও যেন গুলি চালানো হয়, এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। দেশের মানুষ রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা দেখতে চায় না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যাতে প্রাণ না হারান, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার নিরপরাধ মানুষের নিরাপত্তার নীতিতে বিশ্বাসী। প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন অপেক্ষা করা হবে, তবু একজন নিরীহ মানুষও যেন গুলিতে নিহত না হন, তা নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই অতীতের মতো মিছিল-সমাবেশে গুলি চালানো হবে না।

তবে আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারবে। কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না বলে জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত