হাসিনা পরিবারের বিপুল সম্পদ জব্দ, রেড নোটিশ জারির আবেদন
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পাওয়ায় এ বিষয়ে তথ্য চেয়ে দেশটিকে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
দুদকের সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে সংস্থাটির অভিযোগের তালিকায় রয়েছে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৩০০ মিলিয়ন ডলার পাচার, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতি এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ। এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের নামে অর্থ কেলেঙ্কারির অভিযোগও রয়েছে।
দুদক জানায়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে মোট ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।
দুদক সচিব আরও জানান, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করে শেখ হাসিনা, জয়, পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক। এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিভি/এসএস/পিএইচ













মন্তব্য করুন: