পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজারের মধ্যে করার প্রস্তাব সিপিডির
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জীবনযাত্রার ব্যয় ও ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ মজুরি নির্ধারণের সুপারিশ করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংস্থাটি বলছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।
এ জন্য মজুরি নির্ধারণে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালুর সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনমান ও শিল্পের বাস্তব সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: