এখনো ঐকমত্য হয়নি কপ৩১ এর ২১টি এজেন্ডা
আর দুদিন পরই নামবে কপ৩১ এর পর্দা। অথচ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ২১টি এজেন্ডায় এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো। সম্মেলনের শেষ পর্যায়ে এসেও জলবায়ু অর্থায়ন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, অভিযোজন এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সম্মেলনের আলোচনায় এসব বিষয়ে অগ্রগতি হলেও রাজনৈতিক পর্যায়ে বেশ কিছু মতবিরোধ এখনো কাটেনি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রশ্নে দেশগুলোর অবস্থান এক নয়।
সম্মেলনের খসড়া সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়নের প্রস্তাব এবং জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের আহ্বান নিয়েও আলোচনা চলছে।
২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও বাকি এজেন্ডাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন জলবায়ুকর্মীরা।
এদিকে জীবাষ্ম জ্বালানি থেকে উত্তোরণের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে সৌদি আরব। কপ৩১-এর খসড়া নিয়ে আপত্তি তুলেছ ইউরোপীয় ইউনিয়ন। ইইউর বক্তব্য, নতুন প্রতিশ্রুতি তৈরির চেয়ে আগে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বেশি মনোযোগ দেওয়া উচিত।
অপরদিকে ৩৯টি দেশের জোট Alliance of Small Island States (AOSIS) বড় নিঃসরণকারী দেশগুলোর কাছে আরও কার্যকর পদক্ষেপ দাবি করেছে।
তাদের দাবির মধ্যে রয়েছে: জলবায়ু সহনশীলতা কর্মসূচির জন্য ৫০০ মিলিয়ন ডলার। দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থার জন্য ২০০ মিলিয়ন ডলার। নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর অর্থায়ন নিশ্চিত করা।
বিভি/কেএস/এআই













মন্তব্য করুন: