জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত, প্রত্যাবাসন উদ্যোগ জোরদারের আহ্বান
ফাইল ছবি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। এদিকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটির আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।
সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
রাষ্ট্রদূত গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবটির বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।
প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র এতে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের একটি সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও স্পষ্ট করে দেশটি।
একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: