• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:৫২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা

তথ্য কমিশনের নির্দেশনা সত্ত্বেও আবেদনকারীর যাচিত তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি করে এই জরিমানা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক অভিযোগকারী ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইন, ২০০৯-এর অনুযায়ী দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন। যাচিত তথ্যের মধ্যে ছিলো কলেজের গভর্নিং বডির সভার কার্যবিবরণী, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিও সংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মাসের বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি।

নির্ধারিত সময়ের মধ্যে চাওয়া তথ্য না পেয়ে অভিযোগকারী ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন। সেখান থেকেও প্রতিকার না পেয়ে তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগ দায়ের করেন। 

পরবর্তীতে ২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগটির শুনানি শেষে তথ্য কমিশন অভিযোগকারীকে যাচিত সব তথ্য তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরবরাহের জন্য বিমলাংশু রায়কে নির্দেশ দেন। সিদ্ধান্তপত্র প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল। কিন্তু কমিশনের নির্দেশনা সত্ত্বেও তথ্য সরবরাহ করা হয়নি বলে অভিযোগকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তথ্য অধিকার আইন অনুযায়ী যাচিত তথ্য সরবরাহ না করার তাকে এই জরিমানা করা হয়। একইসাথে আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীর যাচিত তথ্য সরবরাহের নির্দেশ দেয় কমিশন।

উল্লেখ্য, তথ্য কমিশন বাংলাদেশে আজ দায়ের করা ছয়টি অভিযোগের শুনানি করে নিষ্পত্তি করা হয়।  
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত